হোম > বাণিজ্য > পুঁজিবাজার

লন্ডন এক্সচেঞ্জে লেনদেনে ফিরেছে বেক্সিমকো ফার্মা

অর্থনৈতিক রিপোর্টার

তালিকাচ্যুতির শঙ্কা কাটিয়ে অবশেষে লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) লেনদেনে ফিরেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর আরোপিত ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার পর ২৬ জুন থেকে ফের লেনদেন শুরু হয়।

শনিবার (২৭ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৩ জুন বিশেষ বোর্ড সভায় বেক্সিমকো ফার্মার আর্থিক হিসাব বিবরণী অনুমোদিত হয়। ফলে তালিকাচ্যুতির শঙ্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে কোম্পানিটি। ২০০৪ সালে এলএসইর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে একমাত্র বাংলাদেশি কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয় বেক্সিমকো ফার্মা। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদনগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।

এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে কর্তৃপক্ষ তার তালিকাভুক্তি বাতিল করে দিতে পারবে। এ অবস্থায় তালিকাচ্যুতির ঝুঁকিতে পড়ে বেক্সিমকো ফার্মা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত কোম্পানিটির পরিচালনা পর্ষদ গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ সংকট তৈরি হয়। বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা। ২০২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে বিএসইসি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত বিএসইসি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

তবে পরিচালক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দাখিল করে বেক্সিমকো ফার্মা। পরিচালনা পর্ষদ গঠন নিয়ে অচলাবস্থা তৈরির কারণে আর্থিক হিসাব বিবরণী অনুমোদিত না হওয়ায় বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন এলএসইতে স্থগিত হয়ে যায়। এলএসইর নিয়মানুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাব বিবরণী অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে, ছয় মাস লেনদেন স্থগিত থাকার কারণে তালিকাচ্যুতির ঝুঁকিতে পড়ে বেক্সিমকো ফার্মা।

এ প্রেক্ষাপটে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআরের তালিকাচ্যুতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর পত্র দাখিল করে। এছাড়া ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহযোগিতা কামনা করেন তারা। বিষয়টির গুরুত্ব বিবেচনায় ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয় বিএসইসি। গত ২৩ জুন অনুষ্ঠিত ওই বিশেষ সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এর মাধ্যমে কোম্পানির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হয় এবং জিডিআর লেনদেনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় এলএসই।

এলএসইতে জিডিআর লেনদেন পুনরায় চালু হওয়ায় বিষয়ে ডিবিএর পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরো সুদৃঢ়, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হতে পারে বেক্সিমকো ফার্মা

৩০% লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা থেকে আর্থিক প্রতিষ্ঠানকে অব্যাহতি

শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান

পুঁজিবাজার মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার ঘোষণা

ফ্লোর প্রাইস প্রত্যাহারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে বড় পতন

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে