হোম > বাণিজ্য > অর্থনীতি

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল বাংলাদেশ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এসব প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের ডিএফসির আর্থিক সহায়তা পাওয়ার পথও উন্মুক্ত হলো।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)।

সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়ক হবে।

ডিএফসির মতে, অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর বড় সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ বাড়ায় গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

এসব বিনিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। এর মধ্য দিয়ে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে বলে মনে করছে সংস্থাটি।

ডিএফসি বলছে, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব। একই সঙ্গে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথাও তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে দুই দেশেরই সমৃদ্ধি বাড়বে।

ডিএফসি আরো জানিয়েছে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে ডিএফসি। পাশাপাশি বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানোর লক্ষেও সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এআরবি

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ৬ দিন

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার শঙ্কা

বন্ড সুবিধার আড়ালে ২৭০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ফের কমল স্বর্ণের দাম

আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

ভোক্তা কিনছেন চড়া দামে, লোকসানে প্রান্তিক খামারিরা