হোম > রাজধানী

ডেমরা রোডে বৃক্ষ রোপণ করলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী

স্টাফ রিপোর্টার

অবৈধ দখল, সড়ক দখল করে দোকান স্থাপন এবং জনদুর্ভোগের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচির পর রাজধানীর ডেমরা রোডে প্রায় ৩০০টি বৃক্ষের চারা রোপণ করেছেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।

বৃহস্পতিবার ডেমরা রোডে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি যাত্রাবাড়ী থানা শাখার আহ্বায়ক জামসেদ শ্যামল, যাত্রাবাড়ী থানা বিএনপির অন্যতম সদস্য ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক এহতেশামউদ্দিন নকিব, বিএনপি নেতা মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গত ৬ অক্টোবর ডেমরা রোডে স্থানীয় যুবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাজলা থেকে শুরু হয়ে ডেমরা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সড়ক দখল, অবৈধ দোকানপাট স্থাপন এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়।

কর্মসূচিতে ফেরদৌস হোসেন রনি বলেন, “ডেমরা রোড একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও জনবহুল এলাকা। এখানে রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট বসানো হলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকার পরিবেশ ও নাগরিক জীবন ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ছত্রছায়ায় যেন রাস্তা দখল করে অবৈধ স্থাপনা বা দোকান বসানো না হয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নবীউল্লাহ নবী বলেন, “আমরা চাই এই এলাকার মানুষ একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে বসবাস করুক। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো অবৈধ দখল বা স্থাপনা মেনে নেওয়া হবে না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এ বিষয়ে কাজ করতে চাই।”

অবৈধ দখল ও জনদুর্ভোগের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় ডেমরা রোডে প্রায় ৩০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ফেরদৌস হোসেন রনি বলেন, “শুধু অবৈধ দখলমুক্ত করাই আমাদের লক্ষ্য নয়, একই সঙ্গে এলাকাকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে হবে। একটি সুন্দর নগরী গড়তে হলে নাগরিক সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ—দুটোই প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ডেমরা-যাত্রাবাড়ী এলাকার জনদুর্ভোগ, অবৈধ দখল ও পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করে যাব। জনগণের স্বার্থে কোনো আপস করা হবে না।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ডেমরা রোডের বিভিন্ন অংশে সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে এলাকার পরিবেশ ও নাগরিক জীবন আরও সুন্দর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জিয়া উদ্যানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

ঢাকায় হত্যা, নীলফামারিতে মাটির নিচ থেকে মিলল কার্টনবন্দি লাশ

শনির আখড়ায় ডিএসসিসি ও বিএনপির যৌথ উচ্ছেদ অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে ডেমরায় অভিযান, বিএনপি নেতাকর্মীদের সহায়তা

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

মিরপুরে ১০৫ চাকু জব্দ, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

তদবির ঠেকাতে ঢাকা জেলার ৯ ভূমি কর্মকর্তাকে বদলি

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন কাজ শুরু করল ডিএসসিসি