হোম > রাজধানী

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি

সরকারবিরোধী গুজব ছড়ানোর পুরোনো সেই ফর্মুলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এ এম হাসান নাসিম নামের এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) মাগরিবের নামাজের পরপরই ডিবি পুলিশের একটি দল তার নিজ বাসভবন থেকে তাকে নিয়ে যায়। ডিবি পুলিশের দাবি, হাসান নাসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ‘গুজব’ ছড়ানোর সঙ্গে জড়িত।

হাসান নাসিমকে যেভাবে তুলে নেওয়া হয়

হাসান নাসিমের ভাই হাসান নোমান জানান, আগারগাঁওয়ের জোড়া বিল্ডিং রোড এলাকায় হাসান নাসিমের বাসায় ডিবি রমনা জোনের এডিসি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হঠাৎ তল্লাশি চালায়। কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট বা আইনি কাগজ ছাড়াই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় বাসায় তার তিন বছর বয়সী ছোট কন্যা সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আচমকা এ অভিযানে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসান নাসিম মূলত বরগুনা জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পেশাগতভাবে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেন, যেখানে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণসহ বিভিন্ন কারিগরি সহায়তা দিতেন। পাশাপাশি তিনি ‘পাথরঘাটা ডট কম’ নামক একটি জনপ্রিয় ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে স্থানীয় সমস্যা ও অসংগতি নিয়ে লেখালেখি করতেন। স্বজনদের ধারণা, এলাকার বিভিন্ন অসংগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরব হওয়ার কারণেই তিনি প্রশাসনের নজরে পড়েন। রাতে ডিবি কার্যালয়ে ধরনা দিয়েছেন নাসিমের স্বজনেরা।

ডিবির ভাষ্য ও আইনি পদক্ষেপ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আমার দেশকে জানান, হাসান নাসিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।

পুরোনো ফর্মুলা না কি নতুন দমননীতি?

হাসান নাসিমের এই আটকের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ এ ঘটনাকে ‘পুরোনো ফর্মুলায় ভিন্নমত দমনের চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করছেন। বিশেষ করে গত ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পরও কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি বজায় থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনদের কেউ কেউ এটিকে আওয়ামী আমলের ‘পুরোনো কৌশল’ আখ্যা দিয়ে বলছেন, ভিন্নমত দমনে গুজব ছড়ানোর অভিযোগ ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে হাসান নাসিম ডিবি হেফাজতে রয়েছেন। তার পরিবার দ্রুত তাকে আইনি সহায়তার সুযোগ দেওয়া এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। আগারগাঁও এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত, সরঞ্জাম লুট