রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাতে পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানান, মিরপুর এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু হকার পুনরায় ফুটপাতের বিভিন্ন অংশে বসার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বুধবার প্রশাসক নিজে উপস্থিত হয়ে এসব অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুট ওভারব্রিজের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন এবং দ্রুত তা শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।