রাজধানীর ভাটারা এলাকায় শিরিন সুলতানা (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা আড়াইটার দিকে ভাটারার বিজয়পত্র বাঁশতলা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী মামুন মোর্শেদ জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন শিরিন সুলতানা। এ নিয়ে তিনি ডাক্তারের শরণাপন্নও হয়েছিলেন।
স্বামী মামুন মোর্শেদ আরও জানান, আজ (গতকাল শুক্রবার) দুপুরে নামাজ পড়তে বেরিয়ে যাই। ফিরে এসে দেখি মেইন গেট বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ পাইনি। পরে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে ঘরে ঢুকে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি।” বাড়িওয়ালার সহায়তায় শিরিন সুলতানাকে ঝূলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে স্থানীয় এম জেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পে দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া গ্রামের মামুন মোর্শেদের স্ত্রী। তার পিতা মৃত আব্দুল কাদের। পৈত্রিক নিবাস কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভূইয়াবাড়ী গ্রামে। ঘটনার সময় স্বামী-স্ত্রী দুজনেই ভাটারার বিজয়পত্র বাঁশতলা এলাকার ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এএস