ইরাক-কুয়েত যুদ্ধের কারণে দেশে ফিরে আসা ৭২ হাজার বাংলাদেশি প্রবাসীর ন্যায্য পাওনা আদায়, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনসহ ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের কারণে হাজার হাজার বাংলাদেশি কর্মী সর্বস্ব হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব প্রবাসীর অনেকেই এখনো তাঁদের ন্যায্য পাওনা, ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
তারা বলেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রত্যাগত কর্মীদের জন্য জাতিসংঘ ঘোষিত ক্ষতিপূরণের বকেয়া অর্থ আদায়ে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তাঁদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা প্রত্যাগত প্রবাসীদের জন্য নির্ধারিত জমি বরাদ্দ ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয় নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
এ সময় প্রত্যাগত কর্মীদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া, ইরাক ও কুয়েতের বিভিন্ন ব্যাংকে রেখে আসা অর্থ উদ্ধার, যুদ্ধকালীন বকেয়া বেতন পরিশোধ এবং ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘকাল ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, ইরাক-কুয়েত ফেরত প্রবাসীরা অতীতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অথচ তাঁদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। অবিলম্বে তাঁদের ১০ দফা দাবি বাস্তবায়ন করে সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।