রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে বৈদ্যুতিক জটিলতার কারণে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪২ মিনিটে খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। হাসপাতালের ১৫তলা ভবনের ছয় এবং সাততলায় সামান্য ধোঁয়া ছিল। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গমন করে পর্যবেক্ষণ করেছে। বৈদ্যুতিক জটিলতায় কিছুটা ধোঁয়া হয়েছিল। কোনো সমস্যা নেই। ফায়ার সার্ভিসের কাজ করতে হয়নি।
এদিকে হাসপাতাল থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখে অনেকেই আগুন লেগেছে বলে ধারণা করেছিলেন।