ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে ধানমন্ডিতে স্থানীয় ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন নারী উদ্যোক্তা হোসনে আরা নূরী নওরীন। পরে তাকে ধানমন্ডি থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার দুপুরে ধানমন্ডিতে ই-ক্যাব কার্যালয়ের সামনে কয়েকজন নারী তাকে বাধা দেন এবং একপর্যায়ে আটক করে থানায় নিয়ে যান।
স্থানীয় ছাত্র-জনতা অভিযোগ করেন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে হোসনে আরা নূরী নওরীনের ছবি রয়েছে। তাকে পলকের বান্ধবী ও ছাত্রলীগের নেত্রী হিসেবে দাবি করে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন নাশকতায় তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, নূরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।