হোম > রাজধানী

পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে

পিকেএসএফের কর্মশালায় বক্তারা

স্টাফ রিপোর্টার

অপরিকল্পিত ব্রিজ-বাঁধ নির্মাণ এবং নদী-জলাভূমি ভরাটের ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া মাটির নিচ থেকে ক্রমাগত পানি উত্তোলনের ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছে।

প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে নভেম্বরের মাঝামাঝিতে এসেও তীব্র গরম অনুভূত হচ্ছে উল্লেখ করে বক্তারা সতর্ক করেন যে, অপরিকল্পিতভাবে ব্রিজ-বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মশিয়ার রহমান, ইআরএফের সহসাধারণ সম্পাদক মানিক মুনতাসির, পিকেএসএফের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দীপেন কুমার সাহা ও সহকারী ব্যবস্থাপক (এজিএম) সুহাস শঙ্কর চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন। এ ছাড়াও কর্মশালার বিভিন্ন অধিবেশনে ক্লাস নেন প্রতিষ্ঠানটির সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান, ব্যবস্থাপক মো. ফজলে হোসাইন ও মো. মাহমুদুজ্জামান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মশিয়ার রহমান বলেন, জলবায়ু এখন আর কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বৈশ্বিক রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। স্বাভাবিক কারণেই পিকেএসএফ এখন কেবল গরিব মানুষ নিয়ে কাজ করে না; ২০০৯ সালের পর কার্যক্রমের পরিধি বাড়ানো সরকারি এই প্রতিষ্ঠানটি এখন দেশের সামগ্রিক উন্নয়নের অংশ হয়ে উঠেছে। কাজেই জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টিতে সঠিক তথ্য-উপাত্ত দেশবাসীর কাছে উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম দেশের এই উন্নয়ন ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

‘বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন: বিজ্ঞান, প্রভাব ও করণীয়’ শীর্ষক সেশনে আলোচনায় অংশ নিয়ে ড. এ কে এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের ওপর দিয়ে যে পানি প্রবাহিত হয়, তার ৯৩ শতাংশই আসে ভারত থেকে এবং আমরা কেবল ৭ শতাংশ পানির উৎস। কাজেই পানি গ্রহণকারী দেশ হিসেবে আমাদেরকে বন্যার সাথে বসবাসে অভ্যস্ত হতে হবে। পানির ধ্বংসাত্মক ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, নেপালের সাম্প্রতিক বন্যা তার একটি জ্বলন্ত উদাহরণ। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে নির্মিত অপরিকল্পিত ব্রিজ ও বাঁধগুলোর স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন। বাঁধ দিয়ে পানির চাপ দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় না উল্লেখ করে তিনি জানান, ব্রিটিশরা অতীতে উত্তর-দক্ষিণে অনেকগুলো রেললাইন করলেও নদী ক্রস করেনি।

পদ্মা ব্যারেজ প্রসঙ্গে ড. নুরুজ্জামান বলেন, নদী কখনও শাসন করা যায় না। গঙ্গা চুক্তি এখন আর নেগোসিয়েশন পর্যায়ে নেই দাবি করে তিনি বলেন, এটি এখন বিচার পর্যায়ে চলে গেছে। গত ৩০টি কপ্র সম্মেলনে জলবায়ু উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আসন্ন ৩১তম সম্মেলন থেকেও কোনো ফল আসবে বলে মনে হয় না। তবে জনসচেতনতা বৃদ্ধির ফলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগগুলোতে দেশে মানুষের মৃত্যুহার কমে এসেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন, যদিও সে তুলনায় সম্পদের ক্ষয়ক্ষতি কমছে না বলে জানান। দেশবাসীকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের স্রোতধারায় যুক্ত করতে পিকেএসএফ নিত্যনতুন কর্মসূচি গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

এবার মিরপুরে বাসে আগুন

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে রক্তদান কর্মসূচি

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ