যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে।
রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ‘বিএস-৩৬১’ ফ্লাইটটি যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ’ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এভিয়েশন খাতে এটি একটি স্বাভাবিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। পরবর্তীতে সব ধরনের নিরাপত্তাবিধি (প্রসিডিউর) মেনে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এরিয়ায় নিয়ে আসা হয় এবং যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।
বর্তমানে ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বিকল্প আরেকটি উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের দ্রুতই জেদ্দার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।