সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্য নিয়ে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ আয়োজন করা হয়।
কাউন্সিলে ১০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদী। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, মহাসচিব মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম সরদার এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি জামিল আহমদ মাসরুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণকে সামনে রেখে সেবা, শিক্ষা ও দাওয়াহ—এই তিনটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ও আলেমদের সহযোগিতা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগ আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তারা বলেন, সংগঠনের কার্যক্রমে পারস্পরিক পরামর্শ, আমানতদারিতা, জবাবদিহিতা, ঐক্য ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দেওয়া হবে। দেশের প্রত্যন্ত এলাকাতেও ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
কাউন্সিলে নতুন দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব গ্রহণ, সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, শাইখুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহ মোশাদ্দেক আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি শামছুল হক শাহবাজপুরী, মাওলানা আবুল বারাকাত, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা আলী আকবর কাসেমীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের আলেম ও দায়িত্বশীলরা।