গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা (সিজেএফডি)।
সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম।
গত বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের ভোটে ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন— প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নকশী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।
অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সদস্যদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা (সিজেএফডি) প্রতিষ্ঠিত হয়।