শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাক্ষাৎ করেছেন। সোমবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দু’দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্র আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে। তুরস্ক দুই দেশের বিদ্যমান ব্যবসার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণ করতে ইচ্ছুক।
এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, সরকার গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই দেশের সমন্বিত কার্যক্রম এগিয়ে গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরপর মন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওথম্যান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া সারাবিশ্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।
মালয়েশিয়ার হাইকমিশনার দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।