বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মহানগর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শূরা সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়া তাঁদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি একটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
দেশে একটি যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশের স্বার্থে এবং জাতীয় কল্যাণে স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যরা।
এর আগে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকনদের ভোটে প্রথম ধাপে ১৪১ জন (১০৯ জন পুরুষ ও ৫২ জন মহিলা) নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে ৬২ জন (৩২ জন পুরুষ ও ১০ জন মহিলা) নির্বাচিত হন। এ ছাড়া মহানগরী আমির ১৬ জনকে মনোনীত করেন।
বুধবার বিকেল ৩টায় মহিলা শূরা সদস্যরা এবং রাত সাড়ে ৭টায় পুরুষ সদস্যরা শপথ গ্রহণ করেন।