রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড এবং পার্কের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।
সোমবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের বিএনপি প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনিসহ দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, উচ্ছেদ করা স্থানগুলো ভবিষ্যতে যেন পুনরায় দখল না হয়, সে জন্য আমাদের নেতাকর্মীরা নজরদারি করবেন। কোনো ধরনের ফুটপাতের দোকান বা অবৈধ স্থাপনা এখানে বসতে দেওয়া হবে না। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনি। তিনিও উচ্ছেদকৃত স্থান দখলমুক্ত রাখতে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতার কথা জানান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।