ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শনিবার দুপুরে রাজধানীর ধোলাইপাড়ে দুস্থ, অসহায়, গুরুতর অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ সরকারি অনুদানের নগদ চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর পরিচালক আব্দুর রহিম জীবন এবং দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
জানা গেছে, সাধারণত সরকারি অনুদানের অর্থ একটি একক চেকের মাধ্যমে বরাদ্দ করা হলেও, স্বচ্ছতা নিশ্চিত করা এবং উপকারভোগীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্যের অনুরোধ ও তদারকিতে এবার প্রত্যেক সুবিধাভোগীর নামে পৃথক পৃথক চেক প্রস্তুত করা হয়। ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা প্রশাসনিক জটিলতা ছাড়াই উপকারভোগীরা সরাসরি নিজ নিজ অনুদানের অর্থ গ্রহণ করতে সক্ষম হয়েছেন।