হোম > রাজধানী

ঢাবিতে এবার উৎসবমুখর রমজান

রাফিউজ্জামান লাবীব, ঢাবি

সিয়াম সাধনার মাস পবিত্র রমজান ও রোজার গুরুত্বপূর্ণ অংশ ইফতারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব। গত কয়েক বছরের তুলনায় এবার সম্পূর্ণ ভিন্ন আমেজে এবং উৎসবমুখর পরিবেশে রোজা ও ইফতার পালিত হচ্ছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব আবাসিক হলেই রমজানকে স্বাগত জানিয়ে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের জন্য নানাভাবে সাজানো হয়েছে। এতে শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ ছাড়া ইফতারের সময় হলগুলো পরিণত হয় মিলনমেলায়।

রোজায় দিনশেষে ইফতারের পূর্বমুহূর্তে পুরো ক্যাম্পাসে একটি সুন্দর আবহ তৈরি হয়। ইফতার ঘনিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, কেন্দ্রীয় খেলার মাঠ, মলচত্বরসহ সব হলের খোলা মাঠের সবুজ কার্পেটে খাবারের আয়োজন নিয়ে ব্যতিব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। এ ছাড়া ইফতার প্রস্তুত করার সময় গল্পে-আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাদের। শুধু বর্তমান শিক্ষার্থীই নন, এই আয়োজনে যোগ দেন ঢাবির সাবেকরাও।

পরিবার-স্বজন থেকে দূরে থাকা শিক্ষার্থীরা বন্ধু-বান্ধব, বিভিন্ন সংগঠনের ছায়ায় একত্রিত হয়ে ইফতারে অংশ নেন যা অনেকটাই পরিবারের অভাববোধ দূর করে দেয় বলে জানান শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, বিকাল গড়ালেই বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলের সামনে ইফতারসামগ্রী নিয়ে বসে পড়েন বিক্রেতারা। হল ক্যান্টিনের মালিক, দোকানি কিংবা অনেক শিক্ষার্থী নিজেরাই উদ্যোক্তা হয়ে বিক্রির জন্য ইফতারের পসরা সাজান।

এসব ভ্রাম্যমাণ দোকানে ছোলা, বুন্দিয়া, পাকোড়া, বেগুনি, বিভিন্ন ধরনের চপ, জিলাপি, জুস, ফলমূলসহ ইফতারসামগ্রী পাওয়া যায়। বিকাল হলেই ভিড় বাড়ে এসব দোকানে। হাতের কাছে পাওয়া যায় বলে স্বস্তিতে থাকেন রোজাদার শিক্ষার্থীরা। আবার এসব দোকানে বিক্রি জন্য হাঁকডাক চলতে থাকে। কে কতটা আকর্ষণীয়ভাবে খাবারগুলো উপস্থাপন করতে পারেন সুপ্তভাবে সেই প্রতিযোগিতাও চলে। কয়েক ঘণ্টার বিক্রিতে দারুণভাবে জমে ওঠে ভ্রাম্যমাণ দোকানগুলো।

বরাবরের মতো এই রমজানেও পুরো ক্যাম্পাসের মধ্যে হলপাড়ায় ইফতারের বাজার জমে উঠেছে। বিকাল হলেই ইফতারের খাবারের ঘ্রাণে ম-ম করে ওই এলাকা। সময় যত গড়ায় হলপাড়া তত ব্যস্ত হয়ে ওঠে। হলপাড়াসহ প্রায় প্রতিটি হলের খোলা মাঠে বিভিন্ন গ্রুপে ছাত্ররা ইফতার সম্পন্ন করেন।

বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে বসে ইফতার করাকে অনেক শিক্ষার্থী রমজানের অন্যতম আকর্ষণ হিসেবে মনে করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইদুল কাদের বলেন, ‘ঢাবির ইফতার মানেই বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। প্রতিদিন এখানে একধরনের উৎসবের আবহ থাকে। আমরা পরিবার থেকে দূরে থাকলেও বন্ধুবান্ধব, সিনিয়র, জুনিয়রদের সঙ্গে একত্রে ইফতার করায় পরিবারের অভাববোধ সাময়িক সময়ের জন্য কেটে যায়।’

শুধু ছাত্রদের হলেই নয়, ছাত্রীদের হলগুলোতেও দলবদ্ধভাবে ইফতারের আয়োজন করেন শিক্ষার্থীরা। এতে কিছুটা নিজের বাড়ির অনুভূতি তৈরি হয় বলে জানান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী সানজিদা খানম। তিনি বলেন, ‘হল হলো আমাদের কাছে সেকেন্ড হোম। সবার সঙ্গে ইফতার করলে কিছুটা হলেও বাড়ির মতো অনুভূতি আসে।’

শুধু হলেই নয়, ডিপার্টমেন্ট, জেলা, উপজেলা, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের ব্যানারে পুরো রমজানজুড়েই ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন হয়। এসব আয়োজন যেন রূপ নেয় সাবেক ও বর্তমানদের মিলনমেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার আয়োজন কেবল ধর্মীয় আচার নয়, বরং এই আয়োজন একধরনের সামাজিক বন্ধন তৈরি করে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আরিব হাসান শাওন। তিনি বলেন, রমজান মাসে ক্যাম্পাসের হলে হলে ইফতার ছাড়াও বিভিন্ন বিভাগ ও সংগঠন আলাদা ইফতার আয়োজন করে। সার্বিকভাবে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ থাকে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের এই ইফতার আয়োজন ধর্মীয় ও সামাজিক সংহতির প্রতীক হয়ে উঠেছে।

এদিকে ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময় ক্যাম্পাসে রমজান ও ইফতারের আমেজ তৈরি করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হতো। এসব অনুষ্ঠান বানচাল করতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নানা সময় হামলা চালায়। তবে ৫ আগস্ট পটপরিবর্তনের পর এবারের রমজানে দেশের নিজস্ব সংস্কৃতির আদলে রোজার প্রকৃত আবহ তৈরি করতে প্রথম দিনেই টিএসসির খোলা মাঠে গণ-ইফতারের আয়োজন করে নবগঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। ক্যাম্পাসে ইফতারের ক্ষেত্রে দলবদ্ধ হয়ে বর্তমান যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ

গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপস নয়

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা চুরি

শ্যামপুরে ‘রড চুরি’র জেরে গণপিটুনিতে নিহত ১

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

স্বর্ণ-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই