দিনভর বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার অনেক এলাকার সড়ক-অলিগলি। বিশেষ করে সন্ধ্যার পর হতে থেমে থেমে প্রবল বৃষ্টি আরও ভোগান্তি বৃদ্ধি করেছে সাধারণ মানুষের।
প্রবল বৃষ্টি আর তলিয়ে যাওয়া সড়কে বিভিন্ন যানবাহন অকেজো হয়ে পড়ায় নগরীর বিভিন্ন জায়গায় তীব্র যানজট তৈরি হয়। এমনকি মগবাজার ফ্লাইওভারেও রাত ১১টায় দীর্ঘ যানজট দেখা গেছে।
নিম্নচাপের প্রভাবে তৈরি সারাদিনের বৃষ্টিতে রাজধানীর মতিঝিল, মৌচাক, কাকরাইল, মিরপুর, মালিবাগসহ বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যেতে দেখা যায়।
নগরীর কাওরানবাজার মেট্রোরেল সংলগ্ন বাসস্ট্যান্ডে কথা হয় অফিস ফেরত এনায়েত করিমের সাথে। তিনি আমার দেশকে বলেন, মুগদা যাবো, বাসের জন্য বৃষ্টির মাঝে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে আছি। বাস আসছে না, একটি এসেছিল, উঠার মতো পরিস্থিতি নেই। আমাদের সাধারণ মানুষের হচ্ছে কষ্ট। না পাচ্ছি সাধারণ যানবাহন, না আছে নিজের গাড়ি।