হোম > রাজধানী

তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলে চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার আবাবিল যুব ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর আনসার ক্যাম্পে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন ।

প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে পড়াশোনা করতে হবে এবং নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে তাদের চাকরির পেছনে ছুটতে না হয়, বরং চাকরিই তাদের পেছনে ছুটে। শুধু চাকরির সন্ধান না করে এমন উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যারা হাজার হাজার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতায় সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যারা পড়াশোনা করছেন না, চাকরি নেই কিংবা বিদেশে যেতে পারছেন না, তাদের নিজেদের ব্যর্থ বা লজ্জিত ভাবার কোনো কারণ নেই। আধুনিক যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। তরুণদের এখন থেকেই কম্পিউটার শেখা ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। এর মাধ্যমে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে ঘরে বসেই আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যেখানেই সুযোগ পাওয়া যায়, কাজের মাধ্যমে নিজেদের কর্মমুখী করে তুলতে হবে।

বেকারত্বের নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, বেকারত্ব তরুণদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার ঝুঁকি বাড়াচ্ছে। তরুণরা এ দেশের সম্পদ ও সম্ভাবনা। সমাজের নেতৃত্ব দিতে চাইলে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। অর্থনৈতিক সীমাবদ্ধতাকে স্বপ্নপূরণের পথে বাধা হতে দেওয়া যাবে না।

তরুণদের নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, অসৎ সঙ্গ পরিহার করে সততা, নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মা-বাবার চোখের মণি এবং সমাজের আশার আলো হিসেবে গড়ে তুলতে চায়। কোনো তরুণকে বিপথে যেতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

দেশের কর্মসংস্থান ও শিল্পায়ন প্রসঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরির শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে তরুণদের নেতৃত্ব ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

ঢাকা শহরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময় ঢাকা শহরকে রূপসী নগরী বলা হতো। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ ও ব্যর্থতার কারণে শহরটি আজ নানা সমস্যায় জর্জরিত। ঢাকা শহরকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরো বলেন, ঢাকার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে দিতে হবে, যাদের মধ্যে সততা, নিষ্ঠা ও আমানতদারিতা রয়েছে। দুর্নীতি, চুরি, ঘুষ ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনকল্যাণমূলক নগরব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম। এ সময় আবাবিল যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।

জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

এবার মিরপুরে বাসে আগুন

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে রক্তদান কর্মসূচি

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন