হোম > রাজধানী

রাজধানীর পশুর হাটে দেশি গরুর আধিক্য

মাহমুদুল হাসান আশিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটুগুলো জমজমাট হতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু, ছাগল ও মহিষ নিয়ে এসেছেন রাজধানীর হাটগুলোতে। কুষ্টিয়া, রাজশাহী, ঝিনাইদহ, পাবনা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে প্রত্যাশিত দামে বিক্রির আশায় পশু নিয়ে এসেছেন বিক্রেতারা।

সরেজমিন রাজধানীর বিভিন্ন পশুর হাটে এ বছর দেশি গরুর আধিক্য দেখা গেছে। অন্যান্য বছরের ন্যায় এবার ভারতীয় গরু-মহিষের আধিক্য তেমন লক্ষ করা যায়নি।

ব্যবসায়ী ও ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন হাটগুলোয় ক্রেতাসমাগম তুলনামূলক কম ছিল। তবে আজ সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হওয়ায় কেনাবেচা পুরোদমে জমে উঠবে বলে আশা করছেন তারা।

গতকাল রোববার রাজধানীর অন্যতম বড় পশুর হাট উত্তরার দিয়াবাড়ি ও গাবতলী হাটে দেখা যায়, হাজার হাজার দেশি গরু আনা হয়েছে বিক্রির জন্য। কিছুসংখ্যক বিদেশি গরু থাকলেও এসব গরু দীর্ঘদিন ধরে লালন-পালন করছেন দেশি খামারিরাই।

কুষ্টিয়ার দৌলতপুর থেকে জিয়াউর রহমান তার ২২টি দেশি গরু নিয়ে এসেছেন উত্তরার দিয়াবাড়ি হাটে। তিনি জানান, গত শনিবার থেকে হাটে অবস্থান করলেও এখন পর্যন্ত কোনো গরু বিক্রি হয়নি। তার মতে, মূলত সোমবার (আজ) থেকে অফিস-আদালত ছুটি শুরু হওয়ার পরই মানুষ পশুর হাটে আসা শুরু করবেন এবং কেনাবেচা শুরু হবে।

একই প্রত্যাশা রাজশাহীর বাঘা থেকে আটটি গরু নিয়ে আসা আনোয়ার মোল্লার। তিনি বলেন, অফিস ও কর্মস্থল থেকে ছুটি পাওয়ার পরই মানুষ মূলত কোরবানির পশু কিনতে আসেন। আমরা প্রতিবারই আসি। এবারও গরু বিক্রি করে বাড়ি ফিরব ইনশাল্লাহ।

ঝিনাইদহের শৈলকুপা থেকে ৩৭টি দেশি গরু নিয়ে আসা বকুল হোসেন জানান, হাটে জায়গা পাওয়ার জন্য কয়েক দিন আগেই চলে এসেছেন তারা।

আজ থেকে পুরোদমে বিক্রি শুরু হবে জানিয়ে তিনি বলেন, এবার ভালো ব্যবসা হবে বলে আমরা আশাবাদী। আমাদেরও লস হবে না আবার ক্রেতারাও খুব ঠকবেন না।

চুয়াডাঙ্গার ফুলবাড়ী থেকে ১৬টি গরু নিয়ে আসা মো. ফারুক হোসেন অবশ্য এরই মধ্যে দুটি গরু বিক্রি করেছেন। তিনি জানান, নিজেদের খরচ তোলার জন্য ১৫ হাজার টাকা লাভে গরু দুটি ছেড়ে দিয়েছেন। তবে মূল ক্রেতাদের ঢল আজ থেকেই শুরু হবে বলে তিনি বিশ্বাস করেন।

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ২১টি দেশি গরু নিয়ে এসেছেন জাহিদুল ইসলাম। তিনিও আশাবাদী, আজ থেকেই পুরোদমে বিক্রি শুরু হয়ে হাট জমে উঠবে।

আগের সংগ্রহ ভারতীয় গরু হাটে

নাটোরের সিংড়া থেকে ভারতীয় দুটি গরু নিয়ে এসেছেন আবদুর রহিম। তিনি বলেন, রাজশাহী সিটি হাট থেকে দুটি ভারতীয় গরু কিনেছেন। এরপর প্রায় আট মাস লালন-পালন করে এবার উত্তরায় নিয়ে এসেছেন। তবে ক্রেতারা খরচের তুলনায় দাম কম বলছেন। সব খরচ ওঠার মতো সামান্য লাভ হলেই বিক্রি করে দিতে চান তিনি।

আবদুর রহিম বলেন, বাজারে মানুষ কম। এখনো সেভাবে আসছেন না। তবে সোমবার (আজ) থেকে জমে উঠবে হাট। তিনি আশাবাদী, যথাসময়ে গরু বিক্রি হয়ে যাবে।

নাটোর থেকে ভারতীয় ১৭টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ সুলতান। তিনি রাজশাহী সিটি হাট থেকে ভারতীয় গরুগুলো কিনেছেন প্রায় আট মাস আগে। সেগুলো এবার নিয়ে এসেছেন উত্তরার হাটে। তিনি বলেন, সোমবার থেকে মানুষ আসা শুরু করবে বলে আমরা সবাই আশাবাদী। সামান্য লাভ হলেই গরু বিক্রি করে চলে যাব। খুব বেশি লাভ করতে চাই না।

এদিকে, ক্রেতাদের পক্ষ থেকে দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মিরপুর-১ নম্বর থেকে আসা রওশন আলী দিয়াবাড়ি হাট ঘুরে দেখছিলেন। তিনি জানান, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা চড়া। রওশন আলীর পর্যবেক্ষণ অনুযায়ী, গত বছর যে আকারের গরু এক লাখ টাকায় পাওয়া যেত, এবার সেটি কিনতে হচ্ছে এক লাখ ২০ হাজার টাকায়।

তিনি বলেন, বেশিরভাগ মানুষ বাসাবাড়িতে রাখার জায়গার অভাবে শেষ সময়ে গরু কেনেন। সোমবার থেকে অফিস ছুটি হওয়ায় চাকরিজীবীরাও হাটে আসতে শুরু করবেন। বর্তমানে হাটে পছন্দের তালিকায় থাকা গরুগুলোর দাম সাধারণত এক লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে দেখা যাচ্ছে।

সাড়ে আট লাখে বিক্রি ‘সুলতান ভাই’

উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে গতকাল সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়েছে ব্রাহামা জাতের গরু ‘সুলতান ভাই’। বিক্রেতা প্রতিষ্ঠান হেনা নাছির অ্যাগ্রো ফার্মের খামারি রাতুল জানান, আড়াই লাখ টাকায় কিনে চার বছর ধরে সুলতানকে লালন-পালন করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খামারে তারা গরুটিকে লালন-পালন করেছেন। ‘সুলতান ভাই’কে কুড়া, ভুসি, ভুট্টা ও চাইলেস ঘাস খাওয়ানো হয়েছে ।

সরেজমিন দেখা যায়, ‘সুলতান ভাই’কে নাকে ফুল, গলায় মালা ও পায়ে নূপুর পরিয়ে সাজানো হয়েছে। রয়েছে পাকিস্তান থেকে আনা মালাও।

খামারির ছোট ভাই বাবু বলেন, সুলতান ভাই বলে ডেকেই ওকে পালতেছি। আমি ডাকলেই কান খাড়া করে ডাক শোনে। অনেক কষ্ট করেছি ওর জন্য। কিন্তু ওকে কখনো কষ্ট দেইনি। ওর যত্ন নিয়েছি সব সময়। আজ ওকে নিয়ে যাবে, খারাপ লাগছে!

এদিকে, কাশ্মীর থেকে আনা বিশাল দেহ ও লম্বা পশমের খাসি ‘সুলতান’ বিক্রির অপেক্ষায়। বড় শিং ও লম্বা পশমের লাদাখি জাতের এই ছাগলের ওজন অন্তত ১০৫ কেজি। কাশ্মীর থেকে সুলতানকে এনেছে নাছির অ্যাগ্রো ফার্ম। খাসিটির দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লাখ।

গতকাল দিনভর সুলতান ভাই ও সুলতানকে দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

বরিশালের বিশাল ‘বাদশাহ’ ও ‘কালা মানিক’

দিয়াবাড়ি পশুর হাটে গতকাল ফ্রিজিয়ান জাতের প্রায় এক হাজার ৪০০ কেজি ওজনের বিশাল ষাঁড় দেখা যায়। ‘বাদশাহ’ ডাকনামের গরুটি নিয়ে বিক্রির অপেক্ষায় বরিশালের কামরুল ইসলাম পলাশ। তিনি ৯ বছর ধরে শুধু বাদশাহকেই লালন-পালন করছেন। তিনি গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ। গরুটিকে লালন-পালন করা হয়েছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়।

গরুর মালিক পলাশ বলেন, ৯ বছর ধরে গরুটিকে পালছি। বড় গরু মানুষ নাকি খামারে গিয়ে কেনে। আমি তো নিজেই বড় করেছি। আমার খামার নেই। এখন দেখা যাক বিক্রি হয় কি না।

তিনি আরো বলেন, ২১ মে থেকে বাদশাহকে নিয়ে বিক্রির অপেক্ষায় আছি। দেখা যাক, আল্লাহ ভাগ্যে কী রেখেছেন।

বরিশালের মির্জাগঞ্জ থেকে আসা এক হাজার ৮০০ কেজি ওজনের কালা মানিকও বিক্রির অপেক্ষায়। বিশালদেহী গরুটির দাম চাওয়া হচ্ছে ২২ লাখ।

শেষ বিকালের বৃষ্টিতে ক্রেতাশূন্য হাট

গতকাল শেষ বিকালে বৃষ্টি হওয়ায় পশুর হাটে ক্রেতারা আসতে পারেননি। গাবতলী হাট ঘুরে দেখা যায়, হাটে আনা পশুগুলোর মাথার উপর টাঙানো ত্রিপল উপচে পানি পড়ছে।

হাটের প্রবেশপথগুলোয় কাদাপানিতে একাকার অবস্থা ছিল। বৃষ্টির পানি থেকে পশুগুলোকে বাঁচাতে ব্যাপারীরা ব্যস্ত হয়ে পড়েন। চারপাশ কাদাপানিতে একাকার। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে হাটে থাকা ক্রেতারাও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় পুরো হাট ক্রেতাশূন্য ছিল।

ঈদযাত্রায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা

মোড়ে মোড়ে ‘অদৃশ্য পুলিশ’, এআই ক্যামেরায় ছয় শতাধিক মামলা

দরবারে বিশৃঙ্খলার খবর বিভ্রান্তিকর, ব্যাখ্যা দিল আনসার-ভিডিপি সদর দপ্তর

বিক্রি হলো ‘সুলতান ভাই’, অপেক্ষায় ‘কাশ্মীরি সুলতান’

পশুর হাটে কঠোর নজরদারি: র‌্যাব মহাপরিচালক

তামাক কোম্পানির প্রচারণা ও প্রলোভন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ জরুরি

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

মাঠভর্তি পশু দর্শনার্থীও বিপুল, তবে বেচাকেনার খাতা শূন্য

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার