মিরপুরের মতো ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত রাখা হবে। ফুটপাত পুনরায় দখলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
তিনি বলেন, এই সরকার চায় জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করতে। জনগণ যা চাইবে না সিটি করপোরেশন তা করবে না।
ফুটপাতে সবুজায়ন করতে কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে।’