শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় রয়েছে ১৩ প্লাটুন। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনজীবন স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম সচল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বিজিবি।