রাজধানীর ইস্কাটনে প্রধান সড়কে দীর্ঘ আধা কিলোমিটার দৌড়ে এক ছিনতাইকারিকে ঝাপটে ধরেছেন দৈনিক আমার দেশ’র সাংবাদিক জিয়াউল হক মিজান। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল (ঢাকা মেট্টো ল ৪৩-১১২৪) উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। মোটর সাইকেলের পেছনে বসা ছিনতাইকারী বাইক থেকে নেমে ফোনসেটটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ বলছে, একজন আসমি হেফাজতে আছে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনসেট উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
ঘটনার বর্ণনা দিয়ে জিয়াউল হক মিজান বলেন, ‘সকাল আনুমানিক সোয়া দশটার দিকে আমি পেশাগত কাজে খিলগাঁওয়ের বাসা থেকে রিকশাযোগ বাংলামটর যাচ্ছিলাম। মগবাজার মোড়ে ট্রাফিক সিগন্যাল পার হওয়ার পর ডান পাশ দিয়ে ক্রস করা একটি মোটর সাইকেলে পেছনের আসনে বসা ছিনতাইকারী আমার হাত থেকে আইফোন-১২ প্রো-ম্যাক্স সেটটি টান দিয়ে নিয়ে যায়। এসময় রাস্তা কিছুটা ফাঁকা থাকায় মোটর সাইকেলটি দ্রুত গতিতে বাংলামোটরের দিকে এগিয়ে যায়। আমি রিকশা ছেড়ে ধর ধর বলতে বলতে দৌড়ে তাদের পিছু নেই। এসময় রাস্তায় অনেক মানুষ থাকলেও ছিনতাইকারীদের ধরতে কেউ এগিয়ে আসেনি’।
মিজনা বলেন, ‘আমি একাই দীর্ঘ পথ দৌড়াতে থাকি। একপর্যায়ে আইসিএসপি হাসপাতালের সামনে এসে ছিনতাইকারীরা কিছু ট্রাফিক জ্যামের মুখোমুখি হয় এবং ইস্কাটন সবুজ সংঘের গলিতে ঢুকে পড়ে। গলিতে ঢুকে তারা আবারও কিছুটা রিকশাজ্যামের মুখে পড়ে। এসময় মোটর সাইকেলের গতি কমে এলে পেছনে বসা ছিনতাইকারী নেমে দৌড়ে পালিয়ে যায়। মোটরসাইকের চালক ছিনতাইকারী রমিম রহমান (২০) কে আমি ঝাপটে ধরি এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করি।’
ধরা পড়া ছিনতাইকারীর পকেটে পাওয়া এনআইডি অনুযায়ী নাম রমিম রহমান, পিতা- ইছহাক, মাতা- মহসিনা খানম বিনা, বর্তমানে রমনা মডেল থানায় আটক আছে। ছিনতাইকাজে ব্যবহৃত মোটর সাইকেল ঢাকা মেট্টো ল ৪৩-১১২৪ রমনা থানা পুলিশ জব্দ করেছে। উদ্ধারকৃত মোটর সাইকেলে নম্বর প্লেটটি ঘষামাজা করে অস্পষ্ট করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রমিম রহমান একজন পেশাদার ছিনতাইকারী এবং মাদকসেবী বলে নিশ্চিত হওয়া গেছে। সে মগবাজার ওয়্যারলেস রেলগেইট সংলগ্ন গ্রিনওয়ে এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি চাঁদপুরে বলে জানা গেছে। ছিনতাই করার সময় সে সাদা টি-শার্ট ও হাফপ্যান্ট পরা ছিল। অপর ছিনতাইকারীর গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট। আটককৃত মোটরসাইকেলটির বিরুদ্ধে এ ঘটনার কিছুক্ষণ পূর্বে, আজ মঙ্গলবার সকাল আটটা পাঁচ মিনিটে বিআরটিসি আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক রমিম রহমানের বিরুদ্ধেও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে খুব সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে জানান স্থানীয়রা।