হোম > রাজধানী > অপরাধ

রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় এক কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নয়াবাজারের একটি ভাড়া বাসা থেকে নিসার আলী (৫০) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু ভাড়াটিয়ার কক্ষে অস্বাভাবিক নীরবতা টের পান। দিনের বেলায় ঘরের বাতি জ্বালানো দেখে তার সন্দেহ হয়। পরে তিনি দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পর্দা সরিয়ে ভেতরে তাকালে বিছানার ওপর নিসার আলীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত প্রতিবেশীদের ডেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশের ধারণা, শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘরের ভেতরের পরিস্থিতি এবং দেহের অবস্থান দেখে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা আর্থিক লেনদেনজনিত কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিসার আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি এলাকায়। তার বাবা মৃত হযরত আলী মুন্সি। জীবিকার তাগিদে ঢাকায় এসে তিনি ইসলামপুরের কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় তিন মাস আগে নয়াবাজারের ওই বাসাটি ভাড়া নেন এবং সেখানে একাই বসবাস করতেন।

তার ছেলে মো. ইমরান ঢাকার একটি বেসরকারি মেসে থেকে পড়াশোনা করছেন এবং ঢাকা নিউ মডেল কলেজে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত। বাবার এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় ছুটে আসছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এআরবি

ক্ষেতলালে এক সপ্তাহে প্রতিমণ করলার দাম কমেছে ৬০০-৭০০ টাকা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ ও চিকিৎসা পরামর্শ সেবা চালু

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

৮ বছর ধরে বন্ধ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস