রাজধানী ও এর আশপাশের এলাকায় তিনটি পৃথক অভিযানে মাদক ও মানব পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। উত্তরা পশ্চিম ও ভাটারা এলাকা থেকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। গুলশান-২ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান।
নারী পাচার চক্রের ফাঁদে ১২ নারী
গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে এক নিখোঁজ নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর ওই দিন বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা থেকে পরদিন রাত ১টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আরো ১০ নারীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাইকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চীনে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীদের উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের একটি বাসায় জোর করে আটকে রাখা হয়। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল বলেও জানা গেছে।
গুলশান-২-এ বিপুল মদ-বিয়ার জব্দ
গত ২৭ অক্টোবর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে অবৈধ মাদকদ্রব্য গুলশান-২ এলাকার ১১৮ নম্বর সড়কের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ২টার দিকে গুলশান-২ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় মিনি কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ার জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ীতে ৫ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান রয়েলস ট্রাভেলসের বাসে করে ঢাকার গাবতলীর দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টা থেকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। ভোর ৬টা ২০ মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় বাসটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় মোট ছয়জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১-এর অধিনায়ক।
এআরবি