রাজধানীর উত্তরখানে একটি ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম ইমা (২৪) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলী এসব তথ্য জানিয়েছেন।
নিহত সানজিদা পাবনা সদর উপজেলার টাউন হল এলাকার শফিকুল ইসলামের মেয়ে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর বাড়ি পাবনার গাছপাড়া এলাকায়।
স্বজনদের ভাষ্য, আমিনুর ঢাকায় অনার্সে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।
পরিবারের সদস্যরা জানান, সানজিদা ও আমিনুরের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর তারা ঢাকার উত্তরখানে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। প্রথম কয়েক মাস তাদের সংসার ভালোই চলছিল। পরে দাম্পত্য কলহ শুরু হয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সানজিদাকে নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।
একপর্যায়ে সানজিদা স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিকভাবে সমঝোতা হলে পাঁচ দিন আগে আবার ঢাকায় ফিরে আসেন তিনি।
স্বজনদের অভিযোগ, ঢাকায় ফেরার দুই দিন আগে সানজিদা ফোন করে পরিবারকে জানিয়েছিলেন, তিনি আর ওই বাসায় থাকতে চান না। তাকে যেন নিয়ে যাওয়া হয়। এরপর এক দিন তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্বামীকে ফোন করলে তিনি জানান, অফিসে আছেন। পরে গতকাল রোববার রাতে আমিনুর ফোন করে সানজিদার আত্মহত্যার খবর দেন।
তবে সানজিদার স্বজনদের দাবি, তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেছেন তারা।
পুলিশ কর্মকর্তা নিয়ার আলী বলেন, খবর পেয়ে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান থানার হেলাল মার্কেটের পাশে দোবাদিয়া রোডের একটি ১০ তলা ভবনের নবম তলার ৯/এফ নম্বর ফ্ল্যাটের মেঝে থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে সানজিদাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআই নিয়ার আলী আরো বলেন, নিহতের চাচা তার স্বামী আমিনুর ইসলামকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
এএম