প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তে আল্লাহওয়ালা নেতৃত্ব প্রতিষ্ঠা ও ডিএনসিসিকে দুর্নীতি, লুটপাট, খানা-খন্দক, ঘিঞ্জি, দুর্গন্ধ ও মশকমুক্ত সর্বাধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন নগরীতে পরিণত করতে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, প্রতিশ্রুতিশীল প্রার্থীদের বিজয়ী করতে হবে।
শনিবার নলভোগ ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ মধ্য থানা আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আগামী ডিএনসিসি নির্বাচনে সুরুজ্জামান ৫৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী। জনসেবা ও মানুষের কল্যাণ করা তার পারিবারিক ঐতিহ্য। তিনি একজন সমাজসেবক ও দানবীর। কমিশনার হওয়ার আগেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন। নির্বাচিত হলে তিনি মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেবেন এবং ওয়ার্ডের সব নাগরিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন। তাই অগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে জনসেবার সুযোগ দিলে সব সমস্যার ইনসাফপূর্ণ সমাধান হবে-ইনশাআল্লাহ।
থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সুরুজ্জামান ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক ৭ শতাধিক মানুষের মধ্যে ১৮ কেজি খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।