চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার ব্যয় মেটানোর পাশাপাশি এ অর্থ ডেঙ্গু আক্রান্ত গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচও বহন করতে হয়, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো আর্থিক প্রস্তুতি থাকে না। এমন পরিস্থিতিতে মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার অর্থ পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন।
বিমার মাধ্যমে পাওয়া এ অর্থ গ্রাহকদের হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে।
ডেঙ্গু চিকিৎসায় বিমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি প্রমাণ করে, বীমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বীমার সুবিধা কাজে আসে।