নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্বীকৃত মানদণ্ড সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন করেছে। অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া এ স্বীকৃতি প্রদান করেছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
SAQS স্বীকৃতি দেওয়া হয় সেই সব ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানকে, যাদের শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা নির্ধারিত উচ্চমান পূরণ করে। এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অবস্থান আরও সুদৃঢ় হলো।
এর আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে SBE অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (ACBSP) স্বীকৃতি অর্জন করে। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে, দক্ষিণ এশিয়ায় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিল্পখাতের পেশাজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন এ স্বীকৃতি।
এ অর্জন প্রসঙ্গে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সব সম্মানিত সদস্যের পক্ষে বোর্ড চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “AMDISA থেকে SAQS স্বীকৃতি অর্জন নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমাদের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য গর্বের বিষয়। আমরা এমন উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি করতে চাই, যাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের আগে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বাস্তব সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখবেন। এ স্বীকৃতি প্রমাণ করে, আমাদের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”
এ অর্জনে অবদান রাখার জন্য অ্যাক্রেডিটেশন প্রজেক্ট টিম (APT), এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের নেতৃত্ব, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রশাসনিক দপ্তর, SAQS-এর পরামর্শক এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।