জাপানি ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিটাচি বাংলাদেশের বাজারে নতুন রেফ্রিজারেটর সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এসব পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশে হিটাচির পরিবেশক ট্রান্সকম ডিজিটাল।
আয়োজকরা জানান, নতুন সিরিজে উন্নত কুলিং প্রযুক্তি, বিদ্যুৎসাশ্রয়ী কার্যকারিতা ও আধুনিক নকশার সমন্বয় করা হয়েছে। দীর্ঘ সময় খাবারের সতেজতা, পুষ্টিগুণ এবং স্বাদ ধরে রাখার লক্ষ্যে রেফ্রিজারেটরগুলো তৈরি করা হয়েছে।
সিরিজটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়াল ফ্যান কুলিং। এতে রেফ্রিজারেটর ও ফ্রিজার অংশে আলাদা কুলিং ব্যবস্থা থাকায় দুই অংশেই সমানভাবে ঠান্ডা বাতাস ছড়ায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন প্রযুক্তি এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়া ঠেকায়। এ ছাড়া ‘সিলেক্টেবল জোন’ নামের একটি কম্পার্টমেন্টে প্রয়োজন অনুযায়ী মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে সফট ফ্রিজ কিংবা ৩ ডিগ্রি সেলসিয়াসে সাধারণ রেফ্রিজারেটর মোড বেছে নেওয়া যাবে, যা রেডি টু কুক খাবার সংরক্ষণে সুবিধা দেবে। ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শব্দ কমায়। রেফ্রিজারেটরগুলো প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশে বাজারে আসছে।
অনুষ্ঠানে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের রফতানি বিক্রয় পরিচালক তরুণ জৈন বলেন, বাংলাদেশ হিটাচির অগ্রাধিকারমূলক বাজারগুলোর একটি। নতুন রেফ্রিজারেটরগুলো বাংলাদেশি পরিবারের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম বলেন, প্রযুক্তি, নির্ভরযোগ্যতা ও নকশার কারণে হিটাচি সবসময় আলাদা অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানের দেশব্যাপী রিটেইল ও ডিলার নেটওয়ার্ক এবং বিক্রয়োত্তর সেবা কাঠামোর মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্যের সহজলভ্যতা ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর)-এর ব্যবস্থাপনা পরিচালক ফুজিমোরি ফুমিয়াসু ও রফতানি বিক্রয় প্রধান এলভিন থাম, ট্রান্সকম ইলেকট্রনিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা শহিদুল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা শিব পদ দে-সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ট্রান্সকম ডিজিটাল ট্রান্সকম ইলেকট্রনিক্সের একটি ব্যবসায়িক ইউনিট। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৬৫টি নিজস্ব আউটলেট ও ১৫০টি ডিলার পয়েন্ট রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে হিটাচির অনুমোদিত অফিশিয়াল সার্ভিস পার্টনার হিসেবেও কাজ করছে।