হোম > কর্পোরেট

প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম—লিয়াকত আলী

ফরিদা বেগমের দাফন সম্পন্ন

আমার দেশ অনলাইন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন করা হয়। এর আগে গুলশানের আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা বেগম। পরে তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ফরিদা বেগম চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গুলশানের আজাদ মসজিদে জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার বড় ছেলে ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘১৫ বছর বয়সে বাবা হারিয়েছি। সেই সময় থেকে মা-ই আমাদের অভিভাবক ছিলেন। আমরা চার ভাই এখানে উপস্থিত আছি। উনার জন্যই আমরা চার ভাই একসঙ্গে আছি।’

তিনি বলেন, তার মা হজ পালন করেছেন এবং ওমরাহও করেছেন। মহান আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া চান।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম। তিনি আমাকে আদর দিতেন, চুমু দিতেন। আজ তিনি আমাদের মধ্যে নেই।’

তিনি আরও বলেন, ‘আমার মায়ের কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন।’

সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘মহান আল্লাহ যেন আমার মাকে মাফ করে বেহেশত নসিব করেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ এ সময় মায়ের সব পাওনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেওয়ার কথা জানান তিনি।

জানাজা ও দাফনে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার দৌহিত্র, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, মরহুমার ছেলে ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং মরহুমার দৌহিত্র ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুলসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক মহলের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান এবং পরে জানাজা ও দাফনেও অংশ নেন।

এ সময় তারা রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে সান্ত্বনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ফরিদা বেগমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

এ ছাড়া ঢাকা ক্লাব লিমিটেড, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)সহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।

ফরিদা বেগমের জানাজায় শরিক হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, স্থপতি রফিক আজম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অভিনেতা নাদের চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজায় রূপায়ণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে বাদ জোহর বনানী কবরস্থানে ফরিদা বেগমের দাফন সম্পন্ন হয়।

বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ শাহরিয়ার নাফিজের

কসমেটিকস খাতে সেরার স্বীকৃতি পেল রিমার্ক

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি প্রিমিয়ার ব্যাংকের

বাংলাদেশে তৈরি কসমেটিকসে আগ্রহ, রিমার্কের প্যাভিলিয়নে ঢল

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরে ভিডিপি দলনেতাদের সাহসিকতায় ৮ মাসের পলাতক আসামি আটক

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস