রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৯ আগস্ট) তিনি নিজেই এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটটি দায়ের করেন ইউনুছ আলী আকন্দ। রিটে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।
এসআর