জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ভাটারা এলাকায় শামীম মিয়াকে হত্যাচেষ্টার মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
আজ নির্ধারিত দিনে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর সপক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিন ও গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফুট এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন বাদী শামীম মিয়া। ওই সময় আন্দোলন দমনে চলা গুলিতে তিনি শরীরের চারটি স্থানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন নেতাকর্মীকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।