হোম > আইন-আদালত

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আয়নাঘরে গুমের মামলা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বা আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গুমের শিকার ইকবাল চৌধুরী।

জবানবন্দিতে তিনি জানান, গুমে থাকাকালীন তাকে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে কেন লেখালেখি করে এসব বলে নির্মম নির্যাতন করা হয়। ইলেকট্রিক শক দেওয়া হয়। এছাড়া দুই পায়ের হাঁটুতে, হাঁটুর নিচে, পায়ের গোড়ালিতে মোটা লাঠি দিয়ে আঘাত করা হয়। প্রচণ্ড আঘাতে তিনি মাগো বলে চিৎকার করে কাঁদতে থাকেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দিতে তিনি এসব কথা বলেন। প্যানেলের অপর সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

জবানবন্দিতে মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা আমাকে তুই তোকারি করে সম্বোধন করে। আমাকে বলে, তুই তো মুক্তিযোদ্ধা, কোন সেক্টরে যুদ্ধ করেছিস? জবাবে আমি বলি আমি সেক্টর-২ এ যুদ্ধ করেছি। পরে বলে, তুই ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করে আবার ভারতের বিরুদ্ধেই কথা বলিস।

তারা জানতে চায় একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন আমি আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করি। জবাবে আমি বলি তৎকালীন আওয়ামী লীগ সরকারের অসংগতিপূর্ণ আচরণ এবং বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি করি। আমাকে বলে, একজন মুক্তিযোদ্ধা হয়েও কেন আমি আওয়ামী লীগ করি না। জবাবে বলি আমি কোনো দল করি না। আমি সরকারের বিরোধিতা করি না, সরকারের সমালোচনা করি। যে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন তার কথাবার্তার ধরণ ও বাচনভঙ্গি ইত্যাদি শুনে আমি বুঝতে পেরেছি তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা।

জবানবন্দিতে মুক্তিযোদ্ধা ইকবাল আরও বলেন, আমাকে কবে আদালতে উঠানো হবে জানতে চাইলে তারা জানায়, এখানে বাইরে থেকে কেউ আসতে পারে না, আবার এখানে আসলে বের হওয়া যায় না। এখানেই আদালত এবং এখানেই বিচার হয়। এরপর তৃতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ওই রুমে নেওয়া হয় এবং আমার ওপর অমানবিক নির্যাতন করা হয়। আমার বাম হাতের অনামিকা আঙুলে প্লায়ার্স ক্লিপ ও ডান কানে আরেকটি ক্লিপ লাগানো হয় এবং ইলেকট্রিক শক দেওয়া হয়। এরফলে আমার বাম হাতের অনামিকা আঙুলের নখ আংশিক নষ্ট হয়ে যায় এবং বাম হাতের বোধ শক্তি কমে যায়। জিজ্ঞাসাবাদের সময় তাদের একজনকে হিন্দিতে কথা বলতে শুনি। সে বলে ইয়ে খতারনাক আদমি হায়, বহুত টেলেন্ট এন্ড ইন্টেলিজেন্ট হায়। তখন আমি বুঝতে পারি লোকটি হয়ত ভারতীয় হবে।

জবানবন্দিতে এই মুক্তিযোদ্ধা বলেন, রোজার মাস এলে আমাকে অন্যরুমে নিয়ে যাওয়া হয়। রুমটি ছিলো ১৫/১৬ ফিট উঁচু। উপরে একটি লাইট ছিল। রুমের দেয়ালে রক্ত সাদৃশ্য লাল রং এবং ইটের টুকরা দিয়ে বিভিন্ন আকুতিমূলক কথা লেখা ছিল। সেখানে একটি বাংলালিংক মোবাইল নাম্বার ছিল। নম্বরের নিচে লেখা ছিল, কোনো ভাই যদি দেখেন; এই নম্বরে ফোন করে আমার মাকে বলবেন আমাকে রূপগঞ্জ থেকে এনে এখানে আটক করে রেখেছে। এভাবে এই রুমে দিনের পর দিন মাসের পর মাস কাটতে থাকে। এই রুমে থাকা অবস্থায় ট্রেন, হেলিকপ্টার ও বিমান চলাচলের শব্দ শুনতে পেতাম। একদিন দুপুরবেলা আমাকে ভালো খাবার দেওয়া হয়। একদিন মাইকে শুনতে পাই, পূর্ব কাফরুল নিবাসী.... ব্যক্তি ইন্তেকাল করেছেন। তখন বুঝতে পারি যে আমি ক্যান্টনমেন্টের নিকটে বা ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণে আছি। কারণ ডিজিএফআই সদর দপ্তর কাফরুল এলাকায় অবস্থিত। এর ১৫/১৬ দিন পর দুপুরে গোসলের পরে বাথরুম থেকে বের হওয়ার সময় আমার পূর্ব পরিচিত লে. কর্নেল হাসিনুর রহমানকে দেখতে পাই। আমরা না চেনার ভান করি।

জবানবন্দিতে মুক্তিযোদ্ধা ইকবাল আরো বলেন, আমাকে এক বছর গুম করে আটক রাখা হয়। এরপর ২০১৯ সালের ২৫ এপ্রিল আমাকে ছেড়ে দেওয়ার হয়। তখন বলা হলো আমাকে কে কোথায় থেকে কখন তুলে নিয়ে গেছে, কোথায় রেখেছে এবং কি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে যেন বলি আমি কিছু জানি না। পরবর্তীতে ২০২০ শেষের দিকে কর্নেল হাসিনুর রহমানের সঙ্গে কথা হলে জানতে পারি গম থাকাকালীন বাথরুমে যাওয়ার সময় আমাদের যেখানে দেখা হয় সেটি ছিল ডিজিএফআইয়ের জেআইসি বা আয়নাঘর। আমার ওপর নির্যাতনের জন্য তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দীকি, ডিজিএফআইয়ের ডাইরেক্টর জেনারেল এবং ওই সময় জেআইসির দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়ী। তাদের বিচার চাই।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে

আসামিপক্ষের তদবিরে পিছিয়ে গেল হত্যা মামলার রায়