দুর্নীতির অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার স্বামী তাওফিক নেওয়াজের ২২টি ব্যাংক হিসাবের ৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা এসব অর্থের মধ্যে দীপু মনির সম্পদ ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের পক্ষে পৃথক দুটি আবেদনে তাদের সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।
দুদক আবেদনে বলা হয়, আসামি ডা. দীপু মনি ও তার স্বামী তৈমুর নাওয়াজ এবং তাদের সংশ্লিষ্ট জাওয়াদুর রহিম ওয়াদুদ নামীয় একাউন্টসমূহের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমান অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন এবং অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।