হোম > আইন-আদালত

ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর

আমার দেশ অনলাইন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করেছিলেন তৎকালীন কর্নেল জিয়াউল আহসান (বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল)। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান রাষ্ট্র বনাম মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে এ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ সময় চিফ প্রসিকিউটর তার যুক্তিতর্কে জিয়াউল আহসানের গুম ও খুনের বিস্তৃত ফিরিস্তি আদালতের সামনে উপস্থাপন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

আদালতে যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি তুলে ধরেন। গত ২১ জুন দেওয়া ওই জবানবন্দিতে জিয়াউল আহসানের সাবেক এই রানার (বডিগার্ড) ইলিয়াস আলীকে অপহরণের নেপথ্যের ঘটনা বর্ণনা করেন।

ইমরুল কায়েসের জবানবন্দির বরাত দিয়ে চিফ প্রসিকিউটর জানান, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে ইলিয়াস আলীকে অপহরণ করতে জিয়াউল আহসান র‌্যাবের অন্যান্য সদস্যসহ মহাখালী ফ্লাইওভারের কাছে অপেক্ষা করেছিলেন। তবে সে রাতে ইলিয়াস আলী ওই পথে না আসায় অভিযানটি সফল হয়নি। এর কয়েক দিন পরই ১৭ এপ্রিল তাকে অপহরণ করে গুম করা হয়।

আদালতে ইমরুলের জবানবন্দি পড়ে শুনিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘ইমরুল বলেছেন, ২০১২ সালের ১৩ এপ্রিল র‌্যাব হেডকোয়ার্টার থেকে একটি মাইক্রোবাসে করে জিয়া স্যার, মেজর নওশাদ স্যার ও স্কোয়াড্রন লিডার সাইফ স্যারসহ আমরা মহাখালী ফ্লাইওভারের দিকে যাই। কাকে গাড়িতে তোলা হবে, তা আমি জানতাম না। জিয়া স্যার গাড়িতে বসে বিভিন্ন জায়গায় ফোন করে টার্গেট কখন আসবে তা জানছিলেন। এক পর্যায়ে তিনি জানতে পারেন যে টার্গেট আসবেন না। পরে সেখান থেকে জিয়া স্যারকে বাসায় নামিয়ে দিই এবং পরদিন থেকে ৯ দিনের ছুটিতে যাই। ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে ইলিয়াস আলী নামক এক নেতাকে মহাখালী ব্রিজের ওখান থেকে অপহরণ করা হয়েছে।’

জবানবন্দিতে ইমরুল আরো জানান, ৯ দিনের ছুটি শেষে ২৩ এপ্রিল কর্মস্থলে যোগ দিয়ে তিনি র‌্যাব হেডকোয়ার্টারে বেশ থমথমে পরিস্থিতি দেখতে পান। সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে অস্ত্রের ইন-আউট রেজিস্ট্রার ও সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলেছেন জিয়াউল আহসান। এমনকি সাধারণত সকাল ৯টায় রোল কল বা ‘ফল-ইন’ হলেও ১৮ এপ্রিল থেকে সকাল ৭টায় তা শুরু হয় এবং জিয়াউল আহসান পরপর কয়েক দিন সেখানে উপস্থিত ছিলেন।

অপহরণের বিষয়টি কীভাবে নিশ্চিত হওয়া গেছে, তা তুলে ধরে ইমরুলের জবানবন্দিতে বলা হয়, একদিন জিয়াউল আহসান ফোনে একজনের সঙ্গে কথা বলার সময় তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ফোন আসে। তখন জিয়াউল আহসান আগের কলটি কেটে দিয়ে তারিক আহমেদ সিদ্দিককে বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (অপহরণের প্রতীকী শব্দ) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

জবানবন্দি উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, রানার ইমরুল কায়েস একজন প্রত্যক্ষ সাক্ষী। জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকের মধ্যকার ওই কথোপকথনে এটি স্পষ্টভাবে প্রমাণিত যে তারাই ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে। এ ছাড়া সন্ত্রাসী সংগঠন হিসেবে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের তদন্তও চলমান রয়েছে বলে জানান তিনি।

সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ধানমন্ডিতে কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড

বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি: শহীদ রনির মা

রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন

মোগল স্থাপত্যশৈলীর অনন্য মিশ্রণ

স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক