জেমকন গ্রুপের পরিচালক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব অঅবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জব্দকৃত স্থাবর ও অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন বিচারক।
বুধবার (১৫ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামির এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। এই আবেদনে বলা হয়, আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় মামলা দায়ের করে দুদক। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এতে আরও বলা হয়, আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন চেষ্টা চলছে। তার দেশত্যাগ করে আত্মগোপনে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ জন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ আবশ্যক। শুনানি শেষে অবরুদ্ধ করার ওই আদেশ দেন আদালত।