ছাত্রদল কর্মী আশিক হত্যাচেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলের কর্মী আশিক হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
তবে অভিযোগ না পাওয়ায় মামলা থেকে ১২৭ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ফেরদৌস জামান।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও দেড়শ জনকে আসামি করা হয়েছিল।
মামলার চার্জশিটে বলা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্বনির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিলেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান আশিক। পরে মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যান।
এলআর