হোম > আইন-আদালত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ডে

বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তার আসামি ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন। আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপে মোড়ানো কৌটার মুখের পোড়া অংশবিশেষ, কৌটার অংশবিশেষ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড

দেশের মাটিকে নিরাপদ করতে জিয়াউলের চরম শাস্তি হওয়া জরুরি

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, ভারতীয় মন্ত্রীদের আইনমন্ত্রীর হুঁশিয়ারি

জিয়াউলের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

রাষ্ট্রীয় অস্ত্র হত্যার কাজে ব্যবহার করেছিলেন জিয়াউল

হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে: শিশির মনির

দি ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদান নিয়ে হাইকোর্টের রুল