বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরা–৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ আমার দেশকে বলেন, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় সাফিকুর রহমানের স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন, প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ আমার দেশকে বলেন, ‘১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করায় সহায়তা করায় তাকে গ্রেফতার করা হয়েছে । তার স্ত্রী ও আরো দু’জন গৃহকর্মীর সংগে ১১বছরের শিশুকে নির্যাতন করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে।
‘সেই মামলায় গত রাত সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের একটি সূত্র জানায়, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে