হোম > আইন-আদালত

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে: শিশির মনির

স্টাফ রিপোর্টার

বিচার বিভাগের দীর্ঘসূত্রতা ও মামলাজট নিরসনে উচ্চ আদালত ঢেলে সাজানো এবং দেশের সব অধস্তন আদালত ডিজিটালাইজড করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, বিচারব্যবস্থার গতি ফিরিয়ে আনা না গেলে একসময় আইনজীবীদের প্রতি মক্কেলদের আস্থার বড় সংকট তৈরি হবে। শুধু ভবন নির্মাণ নয়, সাধারণ মানুষের জন্য কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করাই হওয়া উচিত আইনজীবী নেতৃত্বের প্রধান দায়িত্ব।

বুধবার খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট লস্কর শাহ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম লিটনসহ অন্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

শিশির মনির বলেন, আইনজীবীর পেশা কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জীবনাচরণ। একজন আইনজীবীকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে বিপদে পড়া মানুষ তার কাছে গিয়ে নিরাপদ বোধ করেন।

বিচার বিভাগের মামলাজটের চিত্র তুলে ধরে তিনি বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে মোট বিচারক রয়েছেন ১০৪ জন। এর মধ্যে আপিল বিভাগে পাঁচজন এবং হাইকোর্ট বিভাগে ৯৯ জন। তার দেওয়া তথ্য অনুযায়ী, আপিল বিভাগে প্রায় ৩৬ হাজার এবং হাইকোর্ট বিভাগে প্রায় ৩৩ লাখ মামলা বিচারাধীন। আপিল বিভাগের পাঁচজন বিচারকের সামনে এত মামলা থাকায় বিচারপ্রার্থীদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে হাইকোর্টে আপিল দায়েরের পর শুনানির জন্য দুই, চার, ছয়, এমনকি আট থেকে ১০ বছরও অপেক্ষা করতে হয়। মক্কেলরা বারবার আইনজীবীদের কাছে শুনানির তারিখ জানতে চান। কিন্তু আইনজীবীদেরও অনেক সময় কিছু করার থাকে না। বিচারব্যবস্থার গতি না ফিরলে আইনজীবীরা মক্কেলদের কাছে আস্থা হারাবেন।

আপিল বিভাগের সংস্কারের প্রস্তাব দিয়ে শিশির মনির বলেন, সেখানে ফৌজদারি, দেওয়ানি, কোম্পানি ও অন্যান্য বিষয়ের জন্য বিশেষায়িত বেঞ্চ গঠন করা প্রয়োজন। ১৫ জন বিচারক নিয়ে তিনজন করে পাঁচটি বেঞ্চ করা যেতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে সব বিচারক একসঙ্গে শুনানি করবেন। এতে মামলা নিষ্পত্তির গতি বাড়বে।

অধস্তন আদালতের কার্যক্রম ডিজিটাল করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখনো অনেক আদালতে সাক্ষীর জবানবন্দি ও জেরা হাতে লেখা হয়। এতে আইনজীবীর করা প্রশ্ন এবং সাক্ষীর দেওয়া উত্তরের মধ্যে অসংগতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। পরে নকল তোলার পর দেখা যায়, আইনজীবীর করা প্রশ্নের উত্তর যথাযথভাবে নথিতে আসেনি। এ অবস্থা থেকে উত্তরণে দেশের সব অধস্তন আদালত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে হবে।

খুলনার আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আগাম জামিনের জন্য আইনজীবীদের ঢাকায় যেতে হয়। জেলা ও মহানগর পর্যায়ের আদালতে আগাম জামিনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আইনজীবী সমিতির নেতৃত্বে যারা আসবেন, তাদের এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু ভবন নির্মাণ, ক্যান্টিন বা বসার ব্যবস্থা উন্নত করাই নেতৃত্বের কাজ নয়; সাধারণ মানুষের জন্য নতুন আইনি প্রতিকার বের করাও তাদের দায়িত্ব।

আইনজীবীদের পেশাগত স্বাধীনতার বিষয়ে শিশির মনির বলেন, আইনজীবীর স্বাধীনতা এমন হতে হবে, যাতে তিনি অন্য কারও দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজের বিবেক ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন। বিচারক হতে হবে সাহসী, চিন্তাশীল ও আইন সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন। একই সঙ্গে আইনজীবীদেরও মক্কেলের অধিকার রক্ষায় দৃঢ় ও সৃজনশীল হতে হবে।

আগাম জামিনের ইতিহাস তুলে ধরে তিনি প্রয়াত আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের অবদানের কথা উল্লেখ করেন। তার ভাষ্য, ফৌজদারি কার্যবিধির ৪৯৭এ ধারা বিলুপ্ত হওয়ার পরও ৪৯৮ ধারার ব্যাখ্যার মাধ্যমে সুপ্রিম কোর্টে আগাম জামিনের সুযোগ প্রতিষ্ঠায় খন্দকার মাহবুব হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

শিশির মনির বলেন, দেশে প্রায় ৭০ থেকে ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তারা ঐক্যবদ্ধভাবে দাবি তুললে বিচার বিভাগকে ডিজিটালাইজড করা সম্ভব। আইনজীবীদের বিবেক ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে। এমন নেতৃত্ব প্রয়োজন, যারা বিচারব্যবস্থার আমূল পরিবর্তন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, ‘আইনজীবী ঐক্য প্যানেল’-এর প্রার্থীরা নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে আইনজীবীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, আইনজীবীরা যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত নিষ্ঠা মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নেবেন। নির্বাচন শেষে সবাই মিলে খুলনা জেলা আইনজীবী সমিতির গৌরব আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল ও অ্যাডভোকেট আওছাফুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম আল আজাদ, সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম লিটন, সহসভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহা. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট এ.এ.এম. মুমিনুজ্জমান, যুগ্ম সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. হানিফ উদ্দীন, লাইব্রেরি সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট জি.এম. মোহেব্বুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান (শান্ত)।

এ ছাড়া সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস. এম. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট এস.এম. রুহুল আমিন, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট শর্মিষ্ঠা রানী কুণ্ডু, অ্যাডভোকেট শেখ মো. হুসাইন কবির ও অ্যাডভোকেট মো. নবশের আলী শেখ উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত করেন অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান, গীতা পাঠ করেন অ্যাডভোকেট ভবেশ চন্দ্র রায় এবং বাইবেল পাঠ করেন অ্যাডভোকেট কল্পনা রায়।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরিষদের অন্য দুই সদস্য হলেন অ্যাডভোকেট এস. এম. মুজিবর রহমান ও অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম। নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামের দুটি প্যানেল অংশ নিচ্ছে।

দি ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদান নিয়ে হাইকোর্টের রুল

হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানবতাবিরোধী অপরাধের আসামিদের আশ্রয়দাতারও বিচার হবে: চিফ প্রসিকিউটর

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

রেড ক্রিসেন্ট নির্বাচন: নতুন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত করল হাইকোর্ট

হাসিনার প্রশ্রয়ে শত শত মানুষকে হত্যা করেছে জিয়াউল আহসান

ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর