হোম > আইন-আদালত

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

স্টাফ রিপোর্টার

গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৪১ বিরুদ্ধে অভিযোগ গঠন বিচার করে শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আবেদন করা হয়। অপর দুই সদস্য হলেনÑবিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন শুরুতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শাপলা চত্বর গণহত্যার ঘটনাকে স্বাধীন দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। পরে ২০১৩ সালের ৫ মে গভীর রাতে শাপলা চত্বরে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র ধর্মপ্রাণ মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতম হামলার ২২ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করা হয়।

এরপর শুনানিতে তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২০০৯ সালে সামরিক বাহিনী সমর্থিত সরকারের আনুকূল্য নিয়ে ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদী প্রবণতার দিকে ঝুঁকে পড়ে। তারা জনগণের যে কোনো দাবি ও অধিকারের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে ভিন্নমত ও পথকে দমনের নীতি গ্রহণ করে। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের কিছুদিন পর বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যা করে সেনাবাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেন। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধীদলীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সদস্যদেরকে গুম, খুন, নির্যাতন ও বিচার-বহির্ভূত হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ শুরু করে।

শাপলা চত্বর গণহত্যার ঘটনায় হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনে প্রসিকিউশন।

আবু বকর সিদ্দিকসহ ৩২ জনকে হত্যার অভিযোগ

প্রথম অভিযোগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে আবু বকরসহ ৩২জনকে হত্যা, চারজন নিখোঁজ ও ভুক্তভোগী রাশেদুল ইসলামসহ অনেককে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করা অভিযোগ আনে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে বিরোধী দল দমন ও ইসলামী সংগঠন সমূহকে দুর্বল ও নির্মূল করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে শাহবাগে একটি গণ জমায়েত সৃষ্টি করেন। পরে এটি গণজাগরণ মঞ্চ নামে একটি সংগঠন গঠন করে। আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে গণজাগরণ মঞ্চের কর্মসূচিকে সমর্থন ও সহায়তা করে এবং সমাবেশ অব্যাহত রাখতে সব রকমের রসদ জোগান দেয়। গণজাগরণ মঞ্চের নেতাকর্মী এবং কিছু ব্লগার ও কুশীলবরা ইসলাম সম্পর্কে নানা রকম কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিতে থাকে। গণজাগরণ মঞ্চ কিছুদিনের মধ্যে নিজেদেরকে ইসলাম বিরোধী একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করায়।

তিনি বলেন, গণজাগরণ মঞ্চকে সমর্থন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিভিন্ন সময় বক্তব্য প্রদান করেন। এরপর ইসলামের নামে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কাওমী মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা ২০১৩ সালের ৫ মে ঢাকার উদ্দেশ্যে লংমার্চ। ও ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাসহ সরকারের দায়িত্বশীল মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, আওয়ামী ঘরানার বুদ্ধিজীবী ও গণজাগরণ মঞ্চ ওই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয়। ৭১ টেলিভিশনসহ কিছু কট্টর সরকার সমর্থক মিডিয়া হেফাজতে ইসলামের ডাকা কর্মসূচি নিয়ে নেতিবাচক সংবাদ ও আলোচনা অনুষ্ঠান প্রচার করে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর হতে সরকারকে উসকানি ও প্ররোচনা দেয়।

চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন সরকার ২০১৩ সালের ৫ মে গভীর রাতে পরিকল্পিতভাবে হেফাজতের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর গণহত্যা চালায়। ওইদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীদের যে কোনো উপায়ে রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করার জন্য আইনশৃংখলা বাহিনীরকে নির্দেশ দেন।

উপরের নির্দেশ পেয়ে পুলিশের তৎকালীন আইজিপি হাসান মাহামুদ খন্দকারের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুলিশ কন্ট্রোল রুমে যৌথ সভা করেন। শাপলা চত্বর ও এর আশপাশের এলাকায় সশস্ত্র অভিযানের সিদ্ধান্ত নেন। অভিযান পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিজ নিজ বাহিনীর নামে অভিযানের নামকরণ করে। পুলিশের অভিযানের নামকরণ করা হয় ‘অপারেশন সিকিউরড শাপলা’, র‍্যাব অভিযানের নাম দেয় ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ এবং বিজিবি কর্তৃক ‘অপারেশন ক্যাপচার শাপলা’ নাম দেয়া হয়। তবে অভিযানটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে পরিচিতি পায়। অভিযানের নাম করণের ধরন থেকে এটা স্পষ্ট যে, এটা কোনো সাধারণ অভিযান ছিল না।

অভিযোগে আরো বলা হয়েছে, রাত আড়াইটার দিকে সর্বোচ্চ স্কেলে অভিযান শুরু হয়। সমাবেশস্থলে উপস্থিত থাকা হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপর সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড, মাল্টি ইমপ্যাক্ট গ্রেনেড, খ্রী-বল প্রজেক্টাইল, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ফলে ঘটনাস্থলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়। এসময় হেফাজতের নেতাকর্মীরা জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। হতবিহ্বল হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় খুঁজে নিজেদের জীবন রক্ষার চেষ্টা করেন। এরমধ্যেই আইনশৃংখলা বাহিনী হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে বেপরোয়া ভাবে শর্টগান ও মরণাস্ত্র দিয়ে গুলি চালায়। এতে শাপলা চত্বর, মতিঝিল ও এর আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের ৩২ জন নেতাকর্মী শহীদ হন। এছাড়া চার জন নিখোঁজসহ অসংখ্য মানুষ গুলি ও নির্যাতনে গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জে ২০ জন হত্যার অভিযোগ

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর বেঁচে ফেরা হেফাজতের নেতাকর্মী, সাধারণ জনতা ও মাদ্রাসা ইসলামের নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীরা রাতের আঁধারে বিভিন্ন পথে পালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। একটি বৃহৎ অংশ সায়দাবাদ, যাত্রাবাড়ী, চিটাগং রোড ও ডেমরা এলাকা হয়ে হয়ে নারায়ণগঞ্জ জেলার প্রবেশ করে। সেখানে আগে থেকেই শাপলা চত্বরের হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় হেফাজত নেতাকর্মী ও সাধারণ জনতার একটি অংশ অবস্থান করছিল। এরপর দুই গ্রুপ মিলিত হয়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

তিনি বলেন, ৬ মে সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে কোনো আলোচনা বা সতর্ক না করে সরাসরি বলপ্রয়োগ করেন। রাস্তা থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে এবং পাশের একটি মাদরাসায় হামলা করে। পুলিশ সুপার শাপলা চত্বরের অভিযানের ধারাবাহিকতায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গুলিবর্ষণ করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা পুলিশের সঙ্গে যুক্ত হয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে । এতে হেফাজতে ইসলামের ২০ জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হন। অনেকে গুরুতর জখম হন।

এ ঘটনায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর ওপর লক্ষ্যভিত্তিক হত্যা, গুরুতর জখম ও নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরতে সময়ের আবেদন জানান। ট্রাইব্যুনাল তাদের আবেদন মঞ্জুর করে ১৬ নভেম্বর দিন ধার্য করে।

গত ২৭ আগস্ট হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওদিন অভিযোগ আমলে নিয়ে হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে এই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।

এই মামলায় গ্রেপ্তার আসামিরা হলেনÑতৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার পলাতক আসামিরা হলেনÑফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক, সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মারুফ হাসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অব) এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী।

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ