দুর্নীতির মামলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যাহার মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণে সম্পদ অর্জন করেন।
অপরদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেন। অনুসন্ধানে এসব সম্পদের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।
এএস