হামলা, ভাংচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু ও আ. লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু সহ ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত কোতোয়ালি থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, এ্যাড. সাইদুর রহমান মানিক, এ্যাড. মিজানুর রহমান মামুন, এ্যাড. আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, মো. ফিরোজুর রহমান মন্টু, মো. আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতংঙ্ক সৃষ্টি করে। তারা বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষে করে ঢাকা ঢাকা বারের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পড়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আসামি ওয়াকিল লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
এসময় আসামিরা স্লোগান দিয়ে বাদীসহ অন্য আইনজীবীদের কিলঘুষি মারে এবং লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এরপর তারা বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাংচুর ও লাখ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।