জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার তিন সাবেক মন্ত্রী ও পুলিশপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাদের আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (৪৬) এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২)।
বুধবার বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সেখানে চিকিৎসা পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পৌনে ৪টার দিকে তাদের আবার নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত কয়েক মাসে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে।
এআরবি