হোম > আইন-আদালত

কেরানীগঞ্জে রিকশাচালকে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ছয় বছর আগে অটোরিকশা ছিনতাইয়ের সময় রিকশাচালক মুকুল ওরফে চকলেটকে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম আশফাক-উল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন বিচারক।

দণ্ডিত আসামিরা হলেন- সোহেল ওরফে জুয়েল, শাহিন হাওলাদার, মো. সুমন ওরফে আল-আমিন, মো. কবির এবং ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন হাওলাদার ও মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. সোহেল ওরফে জুয়েল, মো. সুমন ওরফে আল-আমিন এবং মো. কবির পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া এই মামলার অপর আসামি মো. অলি আহম্মেদ, মো. শাহজাহান মুন্সি, মো. কবির, মো. হাসান হাওলাদার ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, আসামি সোহেল ওরফে জুয়েলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল যাত্রীবেশে অটোরিকশায় উঠে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রাইভেটকার দিয়ে পথরোধ করত। এরপর চালককে মারধর করে, কখনো হত্যা করে অটোরিকশা ছিনতাই করত। এমনই এক ঘটনায় ২০২০ সালের ২৭–২৮ জুনের মধ্যে কেরানীগঞ্জ এলাকায় অটোরিকশাচালক মুকুল ওরফে চকলেটকে ছুরি দিয়ে হত্যা করে, তার অটোরিকশা ছিনতাই করা হয়। পরে সেটি বিভিন্ন গ্যারেজে বিক্রি বা লুকিয়ে রাখা হতো। ওই ঘটনায় ভিকটিমের ছোট ভাই মো. আবু হানিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিতে জানান, তারা সংঘবদ্ধভাবে এসব ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং জুয়েল পুরো চক্রটি পরিচালনা করতেন। ২০২২ সালের ২৪ মে মামলাটি তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় বিচারকালে ২৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার