সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা স্থিতি রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা। এই আবেদনে বলা হয়, আ ন ম আহমাদুল বাশার একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তার নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন করার অপরাধে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়।
অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এসব অর্থ বেহাত হলে অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ওই আদেশ দেন আদালত।