জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকারকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন ড্রাইভার মো. মহিদুল ইসলাম ও কেয়ারটেকার মো. চান মিয়া।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি। এই আবেদনে বলা হয়, আসামিরা এ মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা তারিক সিদ্দিকীর মাধ্যমে পেয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন। এছাড়াও তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর দমনপীড়ন, মারধর ও হত্যাচেষ্টার সহযোগিতা করতেন। এ উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধী পক্ষের কাছে তারিক সিদ্দিকীর পক্ষ থেকে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। পরে শুনানি শেষে তাদের রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন বিচারক।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।