সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ায় আটক মডেল মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলার অপর আসামি রফিকুল ইসলাম ওরফে দূর্জয়কে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।
শুক্রবার (২৭ মার্চ) আশুলিয়া থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত তাদের এ রিমান্ডে নেয়ার আদেশ দেন।
এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান তাদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুজনের জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।
এর আগে বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফুল দিতে গিয়ে আটক হন তারা। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২/২৫ জন নেতাকর্মী দেশের বর্তমান আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ দেশের অভ্যন্তরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির জন্য শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে স্মৃতিসৌধে একত্রিত হন তারা।